১৫ মিনিটে করোনা পরীক্ষা, নতুন পদ্ধতি উদ্ভাবন
করোনা (কোভিড-১৯) মহামারীতে আক্রান্ত সারা বিশ্ব। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে, প্রাণ হারিয়েছেন ১ লাখ ৮০ হাজার মানুষ।
বিভিন্ন দেশের বিজ্ঞানীরা দ্রুততম সময়ে ও সুলভে করোনাভাইরাস শনাক্তের পদ্ধতি ও সরঞ্জাম তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এমন পরিস্থিতিতে মাত্র ১৫ মিনিটে করোনাভাইরাস শনাক্ত করতে সক্ষম, এমন কিট উদ্ভাবনের কথা জানিয়েছে টাটার অর্থায়নে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একটি উদ্যোক্তা প্রতিষ্ঠানের গবেষকেরা।
তাদের দাবি, তারা যে অ্যান্টিজেন টেস্ট কিট তৈরি করেছেন, তা প্রচলিত অন্য পদ্ধতির চেয়ে অনেক কম সময়ে কেউ কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন কি না, তা বলে দিতে পারবে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ম্যাসাচুসেটসভিত্তিক ই২৫বায়ো নামের প্রতিষ্ঠানটি পরীক্ষা উপযোগী কিট তৈরিতে আগে থেকে পরিচিত। এর আগে ডেঙ্গু ও জিকা পরীক্ষার পদ্ধতি উদ্ভাবন করেছিল তারা।
এটি এমআইটি টাটা সেন্টারে যাত্রা শুরু করেছিল এবং শুরুর দিকে এতে অর্থায়ন করেছিল টাটা সেন্টার ফর টেকনোলজি অ্যান্ড ডিজাইন।
এমআইটির গবেষকেরা বলেন, ভাইরাস যে হারে ছড়াচ্ছে, তাতে দ্রুত, নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও সহজে ব্যবহার উপযোগী টেস্ট দরকার। এতে সংক্রমণের হার কমানো যাবে। দ্রুত শনাক্ত করে রোগীকে পৃথক করা গেলে সংক্রমণ কমবে।